ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দেওয়া এক চিঠিতে বিএনপি এ কথা জানিয়েছে। চঠিটি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে পৌঁছে দেন। এ সময় সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ উপস্থিত ছিলেন।সংলাপের জন্য নির্ধারিত দিনের দুই দিন আগে বিএনপি তাদের এই অবস্থান জানিয়ে দিল। আগামী রোববার বেলা তিনটায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীদের সই করা এই চিঠিতে বলা হয়, বর্তমান জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। এ বিধান রেখে নির্বাচনের ফলাফল বাতিল করে দেওয়া সম্ভব। সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানছে না। কমিশন একটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে থাকলেও সরকার তা দেয়নি। এই বাস্তবতায় বিএনপি মনে করে, কেবল ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। জামায়াতের নিবন্ধন বাতিল দাবি সিপিবির: গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি), পিডিপি ও কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ করেছে। এর মধ্যে সিপিবি জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী সব দলের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছে। দলটি মনে করে, জামায়াতের উদ্দেশ্য সংবিধানের মূল চেতনা ও সারমর্মের পরিপন্থী। এ ছাড়া এলাকাভিত্তিক একক প্রতিনিধিত্ব বাদ দিয়ে জাতীয়ভিত্তিক সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বব্যবস্থা চালু করা এবং সীমানা পুনর্নির্ধারণে জনসংখ্যা, যাতায়াতব্যবস্থা ও অতীত নির্বাচনী অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেয় সিপিবি। দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সিপিবির প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিদ্যমান সীমানাতেই সংসদ নির্বাচন করার প্রস্তাব দেন। এ সময় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী ধাপে ধাপে মোতায়েন করা হবে।প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব দেন।