ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) আইন সংস্কারবিষয়ক সংলাপে অংশ নিচ্ছে না। গতকাল মঙ্গলবার তারা বিষয়টি ইসিকে চিঠি দিয়ে জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, বর্তমান ইসি পক্ষপাতদুষ্ট ও দুর্বল আচরণের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে। সেই কমিশনের সঙ্গে নির্বাচনী আইন প্রণয়ন নিয়ে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য সমাধানে ফলপ্রসূ হবে না। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের বরাবরে লেখা চিঠিতে আরও বলা হয়েছে, ‘মেয়াদের শেষ সময়ে এসে বিতর্কিত এ কমিশন নির্বাচনী আইন ও বিধি সংস্কারের উদ্যোগ না নিয়ে তা পরবর্তী কমিশনের জন্য রেখে যাওয়াই যথাযথ হবে বলে আমরা মনে করি।’নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, এ বিষয়ে ইসি আলোচনা করে পরে প্রতিক্রিয়া জানাবে। গত ১৩ জুন ইসির সঙ্গে বিএনপির সংলাপ অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত ছিল। সেদিন বিএনপির হরতাল কর্মসূচি থাকায় ইসি দ্বিতীয় দফায় দলটিকে চিঠি পাঠায়। তাতে বলা হয়, বিএনপি ১৯ থেকে ২২ জুনের মধ্যে নিজেদের সুবিধামতো সময়ে ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে পারবে।