ইসির সংলাপের চিঠি পেয়েছে বিএনপি
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের জন্য আমন্ত্রণ পেয়েছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ-সংক্রান্ত চিঠি পাঠায় কমিশন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মহাসচিবের নামে নির্বাচন কমিশনের একটি চিঠি এসেছে। তিনি না থাকায় সেটি খোলা হয়নি। বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে যাবে কি না, এ ব্যাপারে এখনো দলটি সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে গত রাতে প্রথম আলোকে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশ্য, দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গত সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আলোকে দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের কোনো প্রক্রিয়ায় বিএনপি সম্পৃক্ত হবে না। কারণ, এ কমিশন সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে।জানতে চাইলে গত রাতে মওদুদ আহমদ বলেন, নীতিগতভাবে এ সংলাপে যাওয়ার সুযোগ নেই। এ বিষয়ে মহাসচিব কথা বলবেন। এদিকে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে সম্প্রতি একটি কমিটি গঠন করেছে। এ বিষয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের মনোভাব জানতে কমিটি চিঠি দিয়েছে। জবাবও আসা শুরু হয়েছে বলে জানা গেছে।অবশ্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘এটি দলের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে ইসির সংলাপের কোনো সম্পর্ক নেই।’