ইসির সঙ্গে আজ স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন কবে আয়োজন করা যায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূল কি না, তা নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন (ইসি) আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছে। বেলা ১১টায় ইসি সচিবালয়ের মিলনায়তনে এই বৈঠক হবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ, তিন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মোহাম্মদ শাহ নেওয়াজ এবং ইসি সচিবালয়, দুই মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশ নেবেন।
জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ইসি সচিবালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন কমিশন স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নেবে, ইসি সচিবালয় সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
ইসি সচিবালয় সূত্র জানায়, চলমান সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়ে ১১ জুন শেষ হবে। অন্যদিকে ১৯ জুন থেকে শুরু হবে রোজা। ইসি জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে যেকোনো দিন ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণের দিন নির্ধারণ করতে চায়।