ইসির সব কাজে সায় আনিসুল হকের

নির্বাচন কমিশনের (ইসি) সব কাজে সায় আছে ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী নামানো হলে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে, তাহলে তা তারা করতে পারে। আমার তাতে কোনো আপত্তি নেই।’ গতকাল শনিবার আনিসুল হক রাজধানীর তেজগাঁও কলেজে তাঁর নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘দেশে নির্বাচনের জন্য স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো অস্বাভাবিক অবস্থা দেখছি না। আমরা তো স্বাভাবিকভাবেই ভোটের প্রচারণা চালাচ্ছি।’ এ সময় খালেদা জিয়াকে নির্বাচনের আচরণবিধিকে সম্মান দেখানোর অনুরোধ করেন আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী বিশাল বহর নিয়ে কারও পক্ষে প্রচারণা চালানোর নিয়ম নেই।
তেজগাঁও কলেজ চত্বরে অনুষ্ঠিত ওই সভায় ঢাকা সিটির উত্তরে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনবিষয়ক সমন্বয়কারী কর্নেল (অব.) ফারুক খান বক্তব্য দেন। তিনি খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে বলেন, হামলার আভিধানিক অর্থ হচ্ছে কেউ যদি কারও আক্রমণের কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে হামলা বলে। কিন্তু কারওয়ান বাজার ও বাংলামোটরের ঘটনায় খালেদা জিয়া শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হননি। তিনি এর পরই শাহজাহানপুরে সমাবেশ করেছেন।
ফারুক খান বলেন, খালেদা জিয়ার নির্দেশে দেশে যেভাবে জ্বালাও-পোড়াও হয়েছে, তাতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। তাদের ক্ষোভ প্রকাশের সময় খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা অস্ত্র দেখিয়েছে। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে দু-একটি ইটপাটকেল মেরেছে। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি কোনো হামলার শিকার হননি। এত জ্বালাও-পোড়াও করার পর খালেদা জিয়ার ভোট চাওয়ার অধিকার নেই।
যুবলীগ ঢাকা উত্তরের সভাপতি মাইনুল হক নিখিল খালেদা জিয়া জুতা প্রদর্শনের যোগ্য মন্তব্য করে বলেন, আসলে খালেদা জিয়া গত কয়েক দিন নির্বাচনী প্রচারে গিয়ে দেখতে পেয়েছেন তাঁর প্রার্থীর সমর্থন নেই।