ইসির সুপারিশে জামায়াতের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করার ব্যাপারে নির্বাচন কমিশনের করা সুপারিশে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সুপারিশকে সরকারের পরিকল্পনা বাস্তবায়নের শামিল বলে মনে করছে দলটি।

আজ রোববার নির্বাচন কমিশনে গিয়ে জামায়াত এই আপত্তির কথা জানায়। জামায়াতের পক্ষ থেকে দেওয়া লিখিত ওই আপত্তিতে স্বাক্ষর করেছেন দলের  আইনবিষয়ক সম্পাদক জসীম উদ্দিন সরকার। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ১৮ বছর বা তার ঊর্ধ্বের ব্যক্তিরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু ভোটার তালিকা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের বাদ দেওয়ার যে সুপারিশ নির্বাচন কমিশন করেছে, তা সংবিধানবিরোধী ও মানবাধিকারের পরিপন্থী।

জামায়াত আরও জানায়, প্রহসনমূলক বিচারের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আপিল নিষ্পত্তি হওয়ার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা সরকারের পরিকল্পনা বাস্তবায়নের শামিল। এর মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তোলা হচ্ছে।