ইসির হস্তক্ষেপ চায় আ.লীগ, ইসি বলল করণীয় কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৮-দলীয় জোটের ২৯ ডিসেম্বরের ‘ঢাকা অভিমুখে যাত্রা’ কর্মসূচিকে নির্বাচনবিরোধী তৎপরতা বলে মনে করে। এ বিষয়ে তারা গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে।
কিন্তু কমিশন সরকারি দলের এ অনুরোধ আমলে নেয়নি। গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেছেন, বিএনপির কর্মসূচি নির্বাচনবিষয়ক নয়। এটি রাজনৈতিক কর্মসূচি। এ বিষয়ে কমিশনের কিছু করণীয় নেই। যাঁদের পদক্ষেপ নেওয়ার কথা, তাঁরা নেবেন।
এর আগে বিকেলে আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটির আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির কর্মসূচিকে নির্বাচনবিরোধী বলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘২৯ ডিসেম্বর খালেদা জিয়া ও তাঁর লোকজন তথাকথিত ঢাকা অভিযানের আওতায় নির্বাচন প্রতিহত করার যে ঘোষণা দিয়েছেন, তা নির্বাচন আইনের পরিপন্থী। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, তাদের পক্ষ থেকেও বলা উচিত, এ ধরনের কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ।’
মহীউদ্দীন খান জানান, বিরোধী দলের নির্বাচন প্রতিহত করার উদ্দেশ্যে আয়োজিত কর্মসূচি মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে। করণীয় ও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা বলার উদ্দেশ্যেই তাঁরা কমিশনারের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন ঘটনায় মনে হচ্ছে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র বিভিন্ন লোকের হাতে চলে গেছে। সরকারের পাশাপাশি বেআইনি অস্ত্র উদ্ধারে কমিশনও যাতে নির্দেশনা দেয়। কমিশন বিষয়গুলো বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
নির্বাচনের তফসিল ঘোষণার পর সভা-সমাবেশ সম্পর্কে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৭৩ ধারায় বলা আছে, নির্বাচনকে প্রতিকূলভাবে প্রভাবিত করার জন্য কাউকে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানালে তা দণ্ডণীয় অপরাধ হবে। এ ধরনের অপরাধের জন্য দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান আছে। নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল ভীতি সঞ্চারমূলক কোনো কর্মকাণ্ড করতে পারবে না। সভা করতে চাইলে সভার দিন, স্থান ও সময় সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হবে। সভা অনুষ্ঠানের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সভার স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে জানাতে হবে। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে, এমন স্থানে জনসভা বা পথসভা করা যাবে না।
এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সময় কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁদের কর্মসূচি বাতিল করেছিলেন।
প্রার্থীদের ব্যক্তিগত সম্পদের তথ্য প্রকাশ সম্পর্কে মহীউদ্দীন খান আলমগীর বলেন, প্রার্থীদের দেওয়া তথ্য বিশ্লেষণের দায়িত্ব কমিশনের। তাঁদের আয় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারে আয়কর কর্তৃপক্ষ (এনবিআর)। আইনের বাইরে এই বিষয়ে প্রশ্ন তোলা কারোর নৈতিক বা আইনি অধিকার নেই। কেউ যদি বিষয়টি নিয়ে কথা বলেন, সেটি অমূলক ও অনৈতিক।
আরেক প্রশ্নের জবাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা প্রার্থীদের সম্পদ নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন, তাঁরাও যেন আয়কর বিবরণী প্রকাশ করেন। আমরাও দেখতে চাই এই পাঁচ বছরে বা ১০ বছরে কতজন আঙুল ফুলে কলাগাছ হয়েছেন।’
আওয়ামী লীগের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সাংসদ আব্দুস সাত্তার ও ফজিলাতুন্নেছা বাপ্পী।
হলফনামা ফটোকপি করা যাবে: গতকাল নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে প্রবেশকারীর (ব্যবহারকারী) সংখ্যা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়। এতে হলফনামা ডাউনলোড করতে অপেক্ষাকৃত একটু বেশি সময় লাগছে। ইচ্ছা করলে কেউ নিজ খরচে রিটার্নিং অফিসারের কাছ থেকে হলফনামা ফটোকপি করিয়ে নিতে পারবেন।
এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন হলফনামার তথ্য প্রকাশ বন্ধ করে নাই, করবে না। কিছু গণমাধ্যম দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামার তথ্য প্রচার বন্ধ করার জন্য আইনের ফাঁকফোকর খুঁজছে, প্রচার বন্ধ করা হয়েছে ইত্যাদি শিরোনামের সংবাদগুলো সত্য নয়।