ইস্কাটনে উড়ালসড়ক থেকে রড পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউ ইস্কাটনে নির্মাণাধীন উড়ালসড়কের কাঠামো থেকে গতকাল নিচে রড পড়লে ঘটনাস্থলেই নিহত হন রাব্বী আহমেদ নামের এক শ্রমিক। তিনি উড়ালসড়কটির নির্মাণকারী প্রতিষ্ঠান তমা গ্রুপের কর্মী ছিলেন l ছবি: প্রথম আলো
রাজধানীর নিউ ইস্কাটনে নির্মাণাধীন উড়ালসড়কের কাঠামো থেকে গতকাল নিচে রড পড়লে ঘটনাস্থলেই নিহত হন রাব্বী আহমেদ নামের এক শ্রমিক। তিনি উড়ালসড়কটির নির্মাণকারী প্রতিষ্ঠান তমা গ্রুপের কর্মী ছিলেন l ছবি: প্রথম আলো

রাজধানীর নিউ ইস্কাটনে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে মাথায় রড পড়ে গতকাল বুধবার রাব্বি আহমেদ ওরফে ইমন (২৬) নামের এক শ্রমিক মারা গেছেন। তিনি তমা গ্রুপের এলজি পাওয়ার প্যাক যন্ত্রের চালকের সহকারী। উড়ালসড়কের ২৫২ ও ২৫৩ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর নিউ ইস্কাটন থেকে মালিবাগের মৌচাক পর্যন্ত উড়ালসড়কের কাজ বন্ধ রাখা হয়।
ঘটনার সময় রাব্বির পরনে নিরাপত্তা জ্যাকেট ও হেলমেট ছিল না। এ ঘটনায় নির্মাণকাজ চলাকালে তমা গ্রুপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তমা গ্রুপ মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণ করছে। রাব্বি তমা গ্রুপের শ্রমিক। কাজ চলাকালে সংশ্লিষ্টদের বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তাঁরা হেলমেট ও নিরাপত্তা জ্যাকেট পরতে চান না। কোম্পানির কর্মকর্তারা পরিদর্শনে গেলে ‘সেফটি’ নিয়েছেন দেখালেও পরে আবার খুলে ফেলা হয়।
আতাউরের ভাষ্য, রাব্বির দায়িত্ব উড়ালসড়কের ওপর থাকলেও ঘটনার সময় হয়তো তিনি বিশ্রাম নিতে নিচে গিয়েছিলেন।
তবে কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘কাজ করার সময় আমাদের যে ধরনের সেফটি (নিরাপত্তাব্যবস্থা) নেওয়া দরকার, কোম্পানি থেকে তা সরবরাহ করা হয় না। তাই আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।’
রাব্বি সপরিবারে আশকোনার তেঁতুলতলায় থাকতেন। তিনি দুই ভাই, দুই বোনের মধ্যে তৃতীয়। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুরে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো অন্য শ্রমিকদের সঙ্গে গতকালও রাব্বি কাজে যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে ইস্কাটন অংশের উড়ালসড়কের ওপর থেকে হঠাৎ একটি রড সরাসরি রাব্বির মাথায় এসে পড়ে। এতে তিনি প্রচণ্ড আঘাত পেয়ে লুটিয়ে পড়েন। এ সময় অন্য শ্রমিকেরা দ্রুত ছুটে আসেন। পরে রমনা থানার পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে রাব্বিকে নিথর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, ‘রাব্বিকে মৃত অবস্থায় আনা হয়েছে।’
গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানটিতে জমাট বাঁধা রক্ত প্রায় শুকিয়ে গেছে। ফিতা দিয়ে জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। নির্মাণকাজে যুক্ত ব্যক্তিদের পরনে হেলমেট কিংবা নিরাপত্তা জ্যাকেট দেখা যায়নি। সড়কের পাশের কয়েকজন ব্যবসায়ী বলেন, এই উড়ালসড়কের নিচে পথচারী, রিকশাসহ বিভিন্ন যান ঝুঁকি নিয়ে চলাচল করে।
মৃত্যুর খবরে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছুটে যান রাব্বির বাবা কবির হোসেন। তিনি বিলাপ করে বলেন, ‘আমি মামলা করব না। আমিও তো ওই কোম্পানিতে চাকরি করি। তাই ছেলের লাশের ময়নাতদন্ত না করে পুলিশের অনুমতি নিয়ে দাফন করব।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নির্মাণ প্রতিষ্ঠান নিরাপত্তাব্যবস্থা না নেওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। উড়ালসড়ক নির্মাণ প্রতিষ্ঠান রাব্বির বাবাকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ায় তিনি ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে রাজি নন। তবে নিয়ম অনুযায়ী পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।