ইস্কাটনে জোড়া খুনের মামলায় আরও দুজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় আরও দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এই মামলায় মোট চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

আজ মঙ্গলবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামসুন্নাহার এ দুজনের জবানবন্দি রেকর্ড করেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ যে দুজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন—মো. ফারুক ও মো. বাবু।

এই জোড়া খুনের মামলায় গত বছরের ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বখতিয়ার মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।

ওই বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। ৩১ মে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ। ডিবি পুলিশ সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠর ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদপুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।