ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাক্ষ্য পিছিয়েছে

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি পিছিয়েছে। আগামী ৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আবু সালেহ মো. সালেহউদ্দিন খান এই দিন ধার্য করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণের নতুন দিন ঠিক করা হয়েছে। এর আগে এ মামলার একমাত্র আসামি সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
এই জোড়া খুনের মামলায় ২০১৫ সালের ২১ জুলাই বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বখতিয়ার মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।
ওই বছরের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় এই মামলা করেন। ৩১ মে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ। ডিবি পুলিশ সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠর ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদপুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।