ইস্কাটনে জোড়া খুনের মামলা যুক্তিতর্ক শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার আলম ওরফে রনি
বখতিয়ার আলম ওরফে রনি

রাজধানীর নিউ ইস্কাটনে গুলি করে দুজনকে হত্যা মামলায় আজ সোমবার অধিকতর যুক্তিতর্ক শুনানি হয়নি। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৭ জুন এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন এই আদেশ দেন। মামলার অভিযুক্ত একমাত্র আসামি হলেন আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম ওরফে রনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, আসামিপক্ষ অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১০ এপ্রিল রায় ঘোষণার এই দিন ধার্য করেছিলেন। ওই দিন আদালত রায় ঘোষণা না করে অধিকতর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছিলেন।

২০১৫ সালরে ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন।

সূত্রবিহীন এই মামলায় তথ্যপ্রযুক্তি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদ-পুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাড়ির সূত্র ধরে একই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।