ইস্কাটনে জোড়া খুনের মামলার রায় ৪ অক্টোবর

রাজধানীর নিউ ইস্কাটনে গুলি করে দুজনকে হত্যার মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এই দিন ঠিক করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এ মামলায় আজ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে আদালত মামলাটির রায়ের জন্য দিন ঠিক করেন।
মামলার অভিযুক্ত একমাত্র আসামি হলেন আওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম ওরফে রনি।
আদালত সূত্র বলছে, এর আগে রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১০ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেন ঢাকার আরেকটি আদালত। তবে সেদিন আদালত রায় ঘোষণা না করে অধিকতর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
সরকারি কৌঁসুলি মাকসুদুর রহমান বলেন, এ মামলার বিচার শুরু হয় দুই নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। পরে বিবিধ মামলা করলে মামলাটি বদলি হয় ঢাকার এক নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরে ওই আদালত থেকে মামলাটি আবার বিচারের জন্য দুই নম্বর আদালতে।
২০১৫ সালরে ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন।
সূত্রবিহীন এই মামলায় ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) সহায়তায় সাংসদ-পুত্রের প্রাডো গাড়ি এবং তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গাড়ির সূত্র ধরে একই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।