ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাক্ষ্য দিলেন আরও দুজন
ইস্কাটনে জোড়া খুনের মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার সাক্ষ্য-জেরা শেষে এ তারিখ ধার্য করেন।
গতকাল আদালতে সাক্ষ্য দেন মো. ফারুক ও মো. বাবু। তাঁরা আদালতে বলেন, একটি গাড়ি থেকে গুলি ছুড়তে দেখেছেন। তবে কে গুলি ছুড়েছে, তা দেখেননি। গতকাল পর্যন্ত এ মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে একটি গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। সে গুলিতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান। ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন।
২০১৫ সালের ৩১ মে বখতিয়ার আলমকে আটক করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত শেষে ২১ জুলাই বখতিয়ার আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বখতিয়ার আলম মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে।