ইস্কাটনের বাসায় চিকিৎসকের লাশ
রাজধানীর ইস্কাটনের একটি বাসা থেকে একজন চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁরা তাঁকে দেখতে পান।
বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুপ্রিয়া কর্মকার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য প্যাথলজি বিভাগে পড়ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
রমনা থানার উপপরিদর্শক নারায়ণ সরকার প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সুপ্রিয়া শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হলেও উচ্চতর পড়াশোনার জন্য ঢাকায় এসেছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্যাথলজি বিভাগে পড়ছিলেন। ঢাকায় আপন ছোট ভাইয়ের সঙ্গে থাকতেন সুপ্রিয়া কর্মকার।
দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্বজনেরা ততক্ষণে সুপ্রিয়ার ঝুলন্ত মরদেহ সিলিং থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিয়েছেন। পুলিশ পরে মরদেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সুপ্রিয়া সরকারের ভাই সুতনু সরকার বাদী হয়ে রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।