ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘর গতকাল দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস আফতাবনগরে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। এতে ছিল আলোচনা সভা, আলোকচিত্র-পোস্টার-মুক্তিযুদ্ধের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী, আবৃত্তি এবং দেশের গান। আলোচনা সভায় অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী-বীর বিক্রম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, মুক্তিযোদ্ধা শামসুল আলম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও জিয়া উদ্দিন তারিক আলী এবং শহীদ সন্তান রোকাইয়া হাসিনা ও আসিফ মুনির।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান এবং বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারেরও উদ্বোধন করা হয়।
আলোচনায় মুক্তিযুদ্ধকালীন সময়ে মানুষের ত্যাগের কথা স্মরণ করেন বক্তারা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস যেন আগামী দিনে বাংলাদেশ যথাযথভাবে ধারণ করতে পারে, সে জন্য নতুন প্রজন্মের প্রতি দিকনির্দেশনা দেন তাঁরা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তার জন্য দেড় লাখ টাকা দিয়ে ১৫টি প্রতীকী ইট কেনা হয়। বিজ্ঞপ্তি।