ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনুষ্ঠানে আপ্লুত প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সেনানিবাসে আজ শনিবার বাংলাদেশ সেনাবহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডারদের সম্মেলনে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই রেজিমেন্ট তাঁর পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর দুই ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও শহীদ সেকেন্ড লেফটেন্যান্ট শেখ জামাল এ রেজিমেন্টের অফিসার ছিলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডারদের সম্মেলন এবং নবম টাইগার্স রিইউনিয়ন উপলক্ষে রিইউনিয়ন প্যারেড অনুষ্ঠানে যোগ দেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর নিহত দুই ভাই শেখ কামাল ও শেখ জামালের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের দুটি স্মারক গ্রহণ করেন। সিনিয়র ও জুনিয়র টাইগার্স কমান্ডারদের কাছ থেকে স্মারক দুটি গ্রহণ করার সময়ে প্রধানমন্ত্রীর দুই চোখ বেয়ে পানি পড়ছিল। তিনি কিছু সময় নীরব থেকে তাঁর চোখের চশমা খুলে চোখ মোছেন।
শেখ কামাল ১৯৭১ সালে ৯ অক্টোবর প্রথম বাংলাদেশ ওয়ার কোর্সে যোগ দেন। শেখ জামাল ১৯৭৫ সালের ২৫ জুলাই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জুনিয়র অফিসার হিসেবে কমিশন লাভ করেন।
মুক্তিযুদ্ধে এ রেজিমেন্টের ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেজিমেন্টের সব ইউনিটের সদস্যদের তাদের ইউনিফর্মের কলারে লাল রঙের পাইপিং পরিধান করার নির্দেশ দিয়েছিলেন। বেঙ্গল রেজিমেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও অষ্টম ইউনিটের সদস্যদের জন্য এটি একটি গর্বের বিষয়।
আরও পড়ুন: