ইস্টার সানডে উদ্যাপন
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে গতকাল রোববার উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সারা দেশের খ্রিষ্টধর্মানুসারীরা বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানের আয়োজন করেন। খ্রিষ্টধর্মের মতে, এই দিনে ক্রুশে বিদ্ধ যিশুর পুনরুত্থান ঘটে। মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন। খ্রিষ্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো, যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূল বাণী। ইস্টার সানডে উপলক্ষে সারা দেশেই খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনাসভার আয়োজন করেন। গতকাল ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রার্থনায় মিলিত হয় অসংখ্য নারী-পুরুষ। এ ছাড়া রাজধানীর গির্জাগুলোতে ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইস্টার সানডে উপলক্ষে ছুটি ছিল।