ইস্টার সানডেতে গির্জায় গির্জায় প্রার্থনা

খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে পালিত হচ্ছে। এদিন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান হয়েছিল বলে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
খ্রিষ্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো ক্রুশে যিশুর জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূল বাণী। মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন। ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে হলি রোজারি চার্চ নামের একটি গির্জায় গিয়ে দেখা গেছে, সেখানে সকাল থেকে খ্রিষ্টভক্তরা আসতে শুরু করেন। গির্জায় ফুল দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে। প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। এরপর পবিত্র বাইবেল থেকে পাঠ, পুনরুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশিত হয়।