ইস্টার্ন প্লাজায় ৭৫০ ভরি স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার একটি সোনার দোকানের প্রায় ৭৫০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। গত সোমবার রাত থেকে গতকাল বুধবার সকালের মধ্যে এসব সোনা চুরি হতে পারে বলে পুলিশ ধারণা করছে।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, গ্রাম বাংলা নামের স্বর্ণের দোকানটি মার্কেটের চতুর্থ তলায়। দোকানের ১১টি তালা ও শাটার অক্ষত ছিল। বিকল্প চাবি ব্যবহার করে দোকানে চুরি করা হয়েছে।গ্রাম বাংলা জুয়েলার্সের কর্মচারী প্রশান্ত চন্দ্র জানান, মঙ্গলবার ইস্টার্ন প্লাজা বন্ধ ছিল। বুধবার বেলা ১১টার দিকে মালিকের কাছ থেকে চাবি নিয়ে তিনি সহকর্মী শ্যামল ও সৌলেনকে নিয়ে দোকান খুলতে যান। তাঁরা তালা খুলে ভেতরে ঢুকে স্বর্ণালংকার এলোমেলো এবং একটি শোকেসে কোনো স্বর্ণালংকার নেই দেখে তাৎক্ষণিক দোকানের মালিক বিমল চন্দ্র বোসকে বিষয়টি জানান।দোকানমালিক বিমল চন্দ্র বলেন, দোকানের সব তালা অক্ষত আছে। মার্কেটের পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে এ ধরনের চুরি হলো। চুরি হওয়া স্বর্ণালংকারের দাম প্রায় চার কোটি টাকা।ইস্টার্ন প্লাজা দোকানমালিক সমিতির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির জানান, মার্কেটের প্রতিটি দোকানের সামনের অংশ সিসি (ক্লোজসার্কিট) ক্যামেরার আওতায় আছে। ২৪ ঘণ্টা ক্যামেরা সক্রিয় থাকে। গত দুই দিনের সিসি ক্যামেরার রেকর্ড পুলিশকে দেওয়া হয়েছে।পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় জানান, সিসি ক্যামেরায় ধারণ করা রেকর্ড দেখা হচ্ছে। মালিকের জানাশোনা লোকজন এই চুরির ঘটনা ঘটিয়েছে।কলাবাগান থানার পুলিশ জানায়, গতকাল রাতে দোকানমালিক বিমল চন্দ্র বাদী হয়ে চুরির মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।