ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ক্ষমতা ৩ মিলিয়ন টন করা হবে
অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের জন্য সরকারের ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ক্ষমতা ৩ মিলিয়ন টন করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
বৈঠকে উপস্থাপিত মন্ত্রণালয়ের নথি থেকে জানা যায়, দেশে জ্বালানি তেলের চাহিদা ৫ দশমিক ৫০ মিলিয়ন টন। বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। ইস্টার্ন রিফাইনারির বর্তমান পরিশোধন ক্ষমতা ১ দশমিক ৫ মিলিয়ন টন। অবশিষ্ট পরিশোধিত তেল আমদানি করা হয়। অপরিশোধিত তেল পরিশোধনের জন্য ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ক্ষমতা ৩ মিলিয়ন টন করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। এতে আনুমানিক ব্যয় হবে ১৬ হাজার ৭৩১ কোটি টাকা। এ প্রকল্পের জন্য ভারতের একটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ করা হয়েছে। প্রকল্পটির ডিপিপি গত ১৮ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, আমদানি করা জ্বালানি তেল গভীর সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে সরাসরি ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করার জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিং স্থাপন করার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। প্রকল্পে মোট ব্যয় হবে ৫ হাজার ৪২৬ কোটি টাকা। এর মধ্যে বিপিসির ১১১ কোটি টাকা, সরকারের ১ হাজার ২১ কোটি এবং ব্যাংকঋণের পরিমাণ ৪ হাজার ২৯৩ কোটি টাকা। প্রকল্পটির ডিপিপি ইতিমধ্যে একনেকে অনুমোদিত হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে।
কাঞ্চন সেতু থেকে বিমানবন্দর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজের জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে গতকাল প্রথম আলোতে ‘অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটি এ-সম্পর্কিত তদন্ত প্রতিবেদন আগামী বৈঠকের আগে উপস্থাপন করতে বলেছে।
কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, শিবলী সাদিক ও এ বি এম রুহুল আমিন হাওলাদার অংশ নেন।