ইস্তাম্বুলে তোপকাপি জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক তোপকাপি প্রাসাদ জাদুঘর এবং সুলতানামেত কামিল (নীল) মসজিদ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) চতুর্থ জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে এখন এই ঐতিহাসিক নগরে অবস্থান করছেন। আজ সোমবার থেকে এখানে এলডিসি সম্মেলন শুরু হচ্ছে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা স্থানীয় সময় গতকাল সকাল ১০টায় জাদুঘরে পৌঁছালে এর পরিচালক ইলবার ওরতালি তাঁদের স্বাগত জানান। প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রায় ৪০০ বছর এটি তুর্কি অটোম্যান শাসকদের মূল প্রাসাদ ছিল।পরিচালক প্রধানমন্ত্রীকে জাদুঘর সম্পর্কে অবহিত করেন। ১৯৮৫ সালে ইউনেসকো তোপকাপি প্রাসাদ জাদুঘরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এটি মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এখানে ঘড়ি, তলোয়ার ও মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর পদচিহ্নের মতো মুসলিম বিশ্বের বিভিন্ন পবিত্র স্মারক রয়েছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, সুলতান দ্বিতীয় মুহম্মদের নির্দেশে ১৪৫৯ সালে এই প্রাসাদটির নির্মাণকাজ শুরু হয়। প্রাসাদটি অটোম্যান স্থাপত্যের নিদর্শনে পূর্ণ। এ ছাড়া শাসকদের ধনরত্নসহ বিপুল পরিমাণ অস্ত্র, বর্ম, ইসলামিক ক্যালিওগ্রাফি, পাণ্ডুলিপি ও প্রাচীরচিত্র এখানে সংরক্ষিত রয়েছে।প্রধানমন্ত্রী পরে নীল মসজিদ নামে পরিচিত সুলতান আহমেদ মসজিদ পরিদর্শন করেন। আধুনিক বিশ্বে এটি অন্যতম প্রধান আকর্ষণীয় স্থান।