ইস্পাত কারখানা বন্ধের নির্দেশ, ১৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ইস্পাত কারখানাকে গতকাল বুধবার ১৬ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। কারখানাটি বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, অধিদপ্তরের পরিচালক (এনফোর্স-মেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অধিদপ্তরের একটি দল গতকাল দুপুরে রূপগঞ্জের বরপা এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডে অভিযান চালায়। অভিযানের সময় দেখা যায়, কারখানাটিতে ধোঁয়া নির্গমণের যথাযথ ব্যবস্থা নেই। ফলে সৃষ্ট ধোঁয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ ধোঁয়ায় ভারী ধাতব পদার্থ ‘লেড’ ও ‘ক্রোমিয়াম’ রয়েছে, যা আশপাশের বাতাসকে প্রচণ্ডভাবে দূষিত করছে। দূষিত এ বায়ু মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটি ইউনিটের ছাড়পত্র নেওয়া হলেও স্থাপন করা হয়েছে তিনটি ইউনিট। এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।এ ব্যাপারে প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালক শহিদুল ইসলাম বলেন, যেসব কারণে জরিমানা করা হয়েছে, সেগুলো সংশোধনের জন্য সময় চেয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করা হবে।