ইস্পাত কারখানায় অগ্নিদগ্ধ চার শ্রমিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জে একটি ইস্পাত কারখানায় গতকাল শুক্রবার লোহা গলাতে গিয়ে চারজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিদগ্ধ চারজন হলেন ফজলু হক (৫৫), নয়ন মিয়া (২৮), আবদুল খালেক (৬৫) ও মনির হোসেন (৫৫)। তাঁরা আলীগঞ্জ এলাকায় অবস্থিত নিউ ঢাকা মলডিং প্রাইভেট লিমিটেডের কারখানার শ্রমিক।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, কারখানায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে লোহা গলানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ওই চার শ্রমিকের শরীরে লাগে। অগ্নিদগ্ধ চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে অগ্নিদগ্ধ ফজলু হকের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে।