ইস্পাত কারখানায় গলিত লোহার ছিটায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাত কারখানার চুল্লি থেকে তপ্ত তরল লোহা ছিটে উঠে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গত সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা হলেন আলতাফ হোসেন, মো. খবির, মো. ওসমান, বাদশা মিয়া, মো. সালাউদ্দিন, মো. ফয়সাল, শাহেদুল ইসলাম, মো. রাজু, আবু তাহের ও নুরুল আলম। এঁদের মধ্যে বাদশা, ওসমান, সালাউদ্দিন, শাহেদুল ও নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের নগরের মেহেদীবাগ সিএসসিআর ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় আলতাফ ও খবিরকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, এটা নেহাত একটি দুর্ঘটনা। লোহা গলানোর চুলায় (ফার্নেস) ওপর থেকে বাতিল লোহার (স্ক্র্যাপ) একটি বড় টুকরা ফেলার সময় অসাবধানতাবশত তপ্ত লোহার ছিটায় শ্রমিকেরা আহত হন। যে শ্রমিক ওপর থেকে লোহা ফেলছিলেন তিনিও আহত হয়েছেন।খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস কেন্দ্রের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই কারখানার শ্রমিকেরা অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী উপপরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।