ইস্পাত কারখানায় বিস্ফোরণে ১১ জন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস (লোহা গলানোর চুলা) বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্য ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার ভোরে কুমিরা ইউনিয়নের উত্তরমছজিদ্দা এলাকায় লোহা উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে লোহা গলানোর চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১১ জন দগ্ধ হয়েছেন বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি থেকে তাঁকে জানানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এস খালেদ জানান, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে। আর একজনের ২৫ শতাংশ পুড়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে মো. সোলায়ান (২৮), মিনহাজুল (২৮), শাহ আলম (৩২), আনোয়ার (৩০), মিজানুরসহ (২৭) ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন জাহাঙ্গীর (২৭), আলাউদ্দিন (২৮), শফিকুল (২৫), আবু ইউসুফসহ (৩০) পাঁচজন।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।