ইস্পাত গলে ধসে পড়ল ভবনটি
প্রায় ২০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের পোশাক কারখানার আগুন। তবে গতকাল সোমবার সকাল ১০টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ইস্পাতের কাঠামোয় তৈরি ছয়তলা ভবনটির পাঁচতলা ধসে পড়ে।
গত রোববার বেলা সোয়া দুইটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী এলাকায় ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেড নামের এই পোশাক কারখানার ওই ভবনের তৃতীয় তলার গুদামঘরে আগুন লাগে। এ সময় দুপুরের বিরতি চলছিল, তাই শ্রমিকেরা প্রাণে রক্ষা পেয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে এত সময় লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক নূরুল হক প্রথম আলোকে বলেন, ইস্পাতের কাঠামো যে নিয়ম মেনে তৈরি করতে হয়, এই ভবন নির্মাণে তা মানা হয়নি। বাইরে থেকে পানি দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। বলতে গেল সুউচ্চ ভবন নির্মাণের কোনো নিয়মই অনুসরণ করা হয়নি।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মরিশাস ও বাংলাদেশের যৌথ মালিকানায় ডিগনিটি কারখানার ছয়তলা এই ভবনের উচ্চতা প্রায় ১০ তলা ভবনের সমান। এর জানালার সংখ্যা ছিল কম। ভবনটির তৃতীয় তলায় ছিল গুদামঘর। সেখানেই রোববার আগুনের সূত্রপাত হয়। কিছু সময়ের মধ্যেই তা অন্য তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রোববার দিবাগত রাত সোয়া চারটার দিকে ভবনটির দ্বিতীয় তলায় ওপরের সব কটি তলা ধসে পড়ে। গতকাল সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু বিকেল পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন পুরোপুরি নেভাতে আরও চার-পাঁচ দিন লাগবে। তবে একই কারখানার ইটের তৈরি আরেকটি পাঁচতলা ভবন একটু দূরে থাকায় সেখানে আগুন ছড়িয়ে পড়েনি। ভবনটিতে অন্তত ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন।
গতকাল সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, কারখানার সামনে শ্রমিকদের ভিড়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কা তাঁদের তাড়া করছে। সেখানে কিশোরগঞ্জের বিলকাটিবাড়ী গ্রামের মো. ইউছুব আলী বলেন, ‘স্ত্রী, ছেলেমেয়ে, মা-বাবাসহ পরিবারে ছয়জন সদস্য। কারখানায় আগুন লাগছে। এখন আমরার কামকাজ নাই। খাইবাম কী? তার মধ্যে সামনে রোজা ও ঈদ। খুব চিন্তায় আছি।’
ময়মনসিংহের আবদুল জলিল বলেন, ‘এখানে কাজ করে বহুত ভালা আছিলাম। মাসের ৩০ তারিখ বেতন পাইতাম। অহন কিতা অইব?’ নারী শ্রমিক জাহানারা বেগম বলেন, ‘আমরা কাজ চাই। মালিকের আরও কারখানা আছে, প্রয়োজনে সেখানে আমাদের নিয়ে যাক।’
নির্মাণে ত্রুটি: গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ডিগনিটি কারখানার ওই বহুতল ভবনে আগুন নেভানোর আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত সব ব্যবস্থা ছিল। তারপরও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রশিক্ষিত কর্মী ছিলেন না। এ কারণে আগুন লাগার পর দ্রুত নেভানো বা নিয়ন্ত্রণ করা যায়নি। এ ছাড়া ইস্পাতের কাঠামোয় গড়ে তোলা ভবনে আগুন নিয়ন্ত্রণের অভিজ্ঞতা ফায়ার সার্ভিসের কর্মীদেরও ছিল না। তাই এত দেরি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, ইস্পাতের কাঠামোয় বহুতল ভবন নির্মাণ করতে গেলে ইস্পাতের কলামে যথাযথভাবে কংক্রিটের জ্যাকেটিং, ফায়ার প্রুফ পেইন্টসহ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়। এই ভবন নির্মাণে তা অনুসরণ করা হয়নি। আগুনে ইস্পাত খুব দ্রুত উত্তপ্ত হয় এবং গলে যায়। এ ক্ষেত্রেও তা-ই ঘটেছে। স্থানীয় প্রশাসন যেকোনো বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়ে থাকে। কিন্তু প্রশাসন ইস্পাতের কাঠামোয় এত বড় ভবন নির্মাণের অনুমোদন কোন বিবেচনায় দিয়েছে, তা বোধগম্য নয়।
শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান বলেন, কারখানার ভবনটি গত ফেব্রুয়ারিতে চালু হয়েছে। বিধান মেনেই এর অনুমোদন দেওয়া হয়েছিল।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুন্নাহার বলেন, তাঁদের ওই কারখানার নিচতলায় ছিল ডাইং সেকশন, দ্বিতীয় তলায় নিটিং, তৃতীয় তলায় ওয়্যার হাউস (গুদাম), চতুর্থ তলায় কাটিং এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় গার্মেন্ট সেকশন। সব মিলিয়ে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করতেন। আগুনে দামি দামি যন্ত্রপাতি, শ্রমিকদের বেতনের নগদ টাকা, সুতা, তৈরি পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কারখানার প্রক্রিয়াকরণ প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, তাঁদের কারখানায় বেতন দেওয়া হয় প্রতি মাসের শেষ দিন। কিন্তু রোববার অগ্নিকাণ্ডের কারণে বেতন দেওয়া সম্ভব হয়নি। গতকাল বিকেল চারটার দিকে মে মাসের বকেয়া ও পাওনা দেওয়া শুরু হয়। এ ছাড়া ৭ জুন পর্যন্ত কারখানার ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ জুন কারখানা খুলবে। এর মধ্যে কর্তৃপক্ষ চাকরিহারা শ্রমিক ও কারখানার বিষয়ে সিদ্ধান্ত নেবে।