ইস্পাহানি পাবলিক স্কুলে বিজ্ঞান কর্মশালা

চট্টগ্রামে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞানবিষয়ক কর্মশালা। গতকাল শনিবার কর্মশালা ও প্রশ্নোত্তরের আসর বসেছিল নগরের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে।
গতকাল বেলা ১১টায় শুরু হওয়া এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মো. মিনহাজ হোসাইন। এক ঘণ্টার প্রশিক্ষণ শেষে শুরু হয় প্রশ্নোত্তরের পর্ব। এই পর্বে বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রশিকুন নবী। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন।
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞান উৎসবের। প্রাথমিক পর্যায়ে নগরের ২০টি বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞানবিষয়ক কর্মশালা। আগামী ৮ এপ্রিল নগরের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে বসবে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও বিজ্ঞানবিষয়ক কুইজের আসর। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞান চিন্তা ও সার্বিক সহযোগিতায় রয়েছে চট্টগ্রাম বন্ধুসভা।