
চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজে গতকাল রোববার বসেছিল লেখাজোকা কর্মশালার আসর। স্বপ্নের গল্প বলার এ প্রতিযোগিতার আয়োজক হরলিকস-কিশোর আলো। কর্মশালায় এই প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। বেলা ১১টায় চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালা শুরু হয়। উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ মাহবুবুল আলম চৌধুরী। কর্মশালায় আঁকাআঁকি বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক সুব্রত দাশ। আর লেখালেখিবিষয়ক কর্মশালা পরিচালনা করেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। শিক্ষার্থীদের উদ্দেশে সুব্রত দাশ বলেন, ‘কল্পনার জগতে আমরা অনেক কিছুই করতে পারি। লেখা ও আঁকায় ভালো দক্ষতা অর্জনের জন্য আমাদের কল্পনার জগতে প্রবেশ করতে হবে।’ তিনি আঁকার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার তাগিদ দিয়ে বলেন, বই পড়ার মাধ্যমে চিন্তার জগৎ বৃদ্ধি পায়।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, মানুষের মূল হচ্ছে তার মন। এটি ঠিক থাকলেই যেকোনো কিছু করা সম্ভব। প্রত্যেক মানুষের জীবনেই গল্প রয়েছে। সেই গল্প সুন্দরভাবে পাঠকের চোখে ফুটিয়ে তুলতে পারাতেই লেখকের স্বার্থকতা।
কর্মশালা শেষে লেখা ও আঁকার নানা বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ১০ জন শিক্ষার্থী পুরস্কার জিতে নেয়।