ইস্যু তৈরির সুযোগ দেবে না সরকার

নির্বাচন কমিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়টি আন্দোলনের ইস্যু বা উপলক্ষ হয়ে উঠুক, সেটা এই মুহূর্তে সরকার চাচ্ছে না। দ্রুত আইন প্রণয়নের উদ্যোগের পেছনে এই চিন্তা কাজ করেছে বলে সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকদের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে।

এই সূত্রগুলোর মতে, আইন প্রণয়ন করে বা না করে—যেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, তাতে আওয়ামী লীগের ক্ষতি নেই। বরং
আওয়ামী লীগই প্রথম ইসি গঠনে আইন প্রণয়ন করেছে—এই কৃতিত্ব নিতে পারবে। তা ছাড়া সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সুবিধামতো ধারা যুক্ত করে আইনটি পাস করা কোনো কঠিন কাজ নয়।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার একজন সদস্য প্রথম আলোকে বলেন, আইন না হলে ইসি যেমনটা হতো, আইন করলেও সেটাই হবে। আইন করা বা না করার মধ্যে আওয়ামী লীগ বা সরকারের কোনো ক্ষতি নেই। বরং আইনটি করার মাধ্যমে ‘জনদাবি’ পূরণ হয়েছে, এটা বলার সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি সূত্র জানায়, আগামী রোববার আইনের খসড়া সংসদে পাঠানো হতে পারে। এরপর সেখানে উত্থাপনের পর সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সাধারণত অন্য আইন সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠালে এক মাসের সময় দেওয়া হয়। তবে ইসি গঠনের আইনের খসড়ার ওপর আলোচনার জন্য দু-তিন দিনের বেশি হয়তো দেওয়া হবে না।

আইন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের সাংসদ শহীদুজ্জামান সরকার। সদস্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হকসহ সাতজন আওয়ামী লীগের। বাকি দুজন হচ্ছেন বিএনপির রুমিন ফারহানা ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী।

শহীদুজ্জামান সরকার প্রথম আলোকে বলেন, সম্প্রতি বিচারকদের ভাতাসংক্রান্ত একটি আইন সংসদীয় কমিটিতেই পাঠানো হয়নি। অনেক বিল তোলার পর ওই দিনই সংসদীয় কমিটি প্রতিবেদন দিয়েছে। আবার অনেক বিলে দীর্ঘ সময় পাওয়া গেছে। আসলে মন্ত্রণালয় কীভাবে চায়, সেটাই বিষয়। এর ওপর সময় নির্ভর করে।

ইসি গঠনে আইন প্রণয়নের বিষয়টি অনেক দিন ধরে আলোচিত। এর মধ্যে গত বছর নভেম্বরে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ইসি আইনের একটি খসড়া হস্তান্তর করা হয়। তখন আইন প্রণয়নে তাড়াহুড়ো না করার কথা বলেছিলেন আইনমন্ত্রী। এরপর জাতীয় সংসদে আলোচনায় আইনমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান সরকারই আইনটি করবে। তবে এটা নিয়ে সংসদে বিস্তর আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করা উচিত। তাই আগামী ইসি গঠনের আগে আইনটি না করার পক্ষে তিনি। এরপরও বিভিন্ন বক্তৃতায় মন্ত্রী জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন ইসি গঠন করতে হবে। এ অল্প সময়ে আইন করা সম্ভব নয়।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, বছর দুয়েক পর আগামী নির্বাচন। এবার ভোটের আগে নির্বাচনকালীন সরকারসহ নানা বিষয়ে সরকারকে দেশে-বিদেশে চাপ মোকাবিলা করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সরকারের সমালোচনার বিষয়টিকে আগামী নির্বাচন নিয়ে চাপ প্রয়োগের লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে ইসি নিয়ে আন্দোলন বা বিতর্ক এড়াতে আইনটির উদ্যোগ নেওয়া হয়েছে।

অবশ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আর ইসি গঠনের আইনের বিষয়টি জনদাবিতে পরিণত হয়েছে। ফলে সরকার জনদাবি বিবেচনায় নিয়ে আইনটি করার উদ্যোগ নিয়েছে।

২০১২ ও ২০১৭ সালে দুই দফা সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠিত হয়েছে। দুবারই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের মধ্যে সাবেক আমলারা প্রাধান্য পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইনটি যেভাবে হচ্ছে, তাতে আমলাদের প্রাধান্য থাকাতে কোনো ব্যাঘাত হবে না। আর ইসির চূড়ান্ত নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতাই আছে। ফলে সরকার ও আওয়ামী লীগের পছন্দের বাইরে যাওয়ার সুযোগ কম থাকবে।