
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন ২৬ জুন৷ আর গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন৷ এরই মধ্যে আতঙ্কের নগর নারায়ণগঞ্জে এই উপনির্বাচন নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ৷
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ত্বকী হত্যা এবং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত খুনের ঘটনার পরপরই এল এই উপনির্বাচন৷ তাই উত্তাল নারায়ণগঞ্জে এ নির্বাচনের ইস্যু হবে হত্যা, গুম, সন্ত্রাস৷ তবে চারবারের সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পর আসনটি ওসমান পরিবারেরই থাকবে, নাকি এ পরিবারের বলয়ের বাইরের কেউ নির্বাচিত হবেন, তা দেখার জন্য মানুষের ভেতর কৌতূহল রয়েছে৷ চলছে নানা আলোচনা৷
গতকাল নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি এ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন৷ বেলা ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র কিনে রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, ‘হত্যা, সন্ত্রাস, গুম, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ নারায়ণগঞ্জে যেসব অপকর্ম চলছে, তার বিরুদ্ধে চলমান গণ-আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আমাদের মূল লক্ষ্য অপশক্তিকে প্রতিহত করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা।’
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শূন্য হয়৷ এখন ওসমানের পরিবার থেকে কে প্রার্থী হচ্ছেন বা তাঁর প্রতিদ্বন্দ্বিতায় আর কারা নামছেন, তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা রয়েছে৷
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা জাপার সভাপতি আবু জাহের প্রথম আলোকে বলেন, ‘আমাদের আশা, ওসমান পরিবারের কেউ নাসিম ওসমানের শূন্য আসনে প্রার্থী হবেন।’ প্রয়াত নাসিম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাপার সাংসদ লিয়াকত হোসেন জানান, ওসমান পরিবারের কে প্রার্থী হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
তবে ওসমান পরিবারের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান বা ছেলে আজমেরী ওসমানকে প্রার্থী করার চিন্তা আছে৷ এ দুজনের বাইরে নাসিম ওসমানের ভাই বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমানও প্রার্থী হতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের নাম জড়িয়ে যায়। ‘আজমেরীর নেতৃত্বে ত্বকীকে খুন করা হয়েছে’ বলে তাঁর ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন৷ র্যাব আজমেরীর টর্চার সেলে অভিযান চালিয়ে হত্যার আলামত জব্দ করে৷ গত ৮ আগস্ট টর্চার সেলে র্যাবের অভিযানের পর থেকে আজমেরী গা ঢাকা দেন৷ সর্বশেষ ২ মে বাবার জানাজায় আজমেরীকে প্রকাশ্যে দেখা যায়। আজমেরী ওসমান চাইছেন, এ আসনে নিজে অথবা মা পারভীন ওসমানকে প্রার্থী করতে। তবে ভাবমূর্তির কথা চিন্তা করে আজমেরীর পরিবর্তে সেলিম ওসমানকে প্রার্থী করা হতে পারে বলে তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে৷
এ ছাড়া এ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগী আহ্বায়ক এস এম আকরাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, ব্যবসায়ী ও ছাত্রলীগের সাবেক নেতা হালিম শিকদার প্রার্থী হতে আগ্রহী বলে তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়৷ এর মধ্যে এস এম আকরাম নাগরিক সমাজের ব্যানারে প্রার্থী হতে পারেন৷ এ লক্ষ্যে তিনি আজ বৃহস্পতিবার বন্দরে ও শনিবার নগরে শুভানুধ্যায়ীদের সঙ্গে মতিবনিময় করবেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়৷
জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷
মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব এস এম অাকরাম ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিরোিধতা করেন। দলীয় নির্দেশনা উপেক্ষা করে তিনি সরাসরি অবস্থান নেন বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে। সে নির্বাচনে আইভী দলীয় প্রার্থী শামীম ওসমানকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচনের দুই দিন পর এস এম আকরাম জেলা আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন৷ তাতে তিনি উল্লেখ করেন, ‘বিতর্কিত শামীম ওসমানকে দলীয় সমর্থন প্রদান নারায়ণগঞ্জের মানুষ ভালোভাবে মেনে নেয়নি।’ এরপর এস এম আকরাম মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে যুক্ত হন৷
গত ২৮ এপ্রিল রাতে ভারতের দেরাদুনে মারা যান সাংসদ নাসিম ওসমান। নিয়ম অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করে নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন এ আসনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ২৯ মে, বাছাই ১ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ জুন।