মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে গত শনিবার (৩১ জুলাই) বিকেলে মরমি কবি ইয়াছিন শাহ (রহ.) আন্তর্জাতিক মৈত্রী উৎসব ২০১০ সম্পন্ন হয়েছে। বিকেল পাঁচটায় শমশেরনগর ডাকবাংলো প্রাঙ্গণে পায়রা উড়িয়ে উৎসবের শুভ উদ্বোধন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য (এমএলএ) বিজয় রায়। মৈত্রী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. আবদুল মছব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ প্রমুখ। আবদুস শহীদ বলেন, ইয়াছিন শাহের গজল, কবিতা ও গান জীবনঘনিষ্ঠ। মানুষের বোধে সেগুলো নাড়া দেয়। এসব কর্মের মাধ্যমেই তিনি মানুষের হূদয়ে বেঁচে থাকবেন।বিজয় রায় বলেন, ইয়াছিন শাহকে ত্রিপুরায় সমাধি দেওয়া হয়েছে। সেখানেও তাঁর ভক্তরা আছেন। এ দেশের ভক্তদের তাঁর সমাধি দর্শনে যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। স্বাগত বক্তব্য দেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী।