ভারতীয় নাগরিক জিবরান তায়েবি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ইয়াছিন রহমান ওরফে টিটুর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে খারিজ করে এ রায় দেন। রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, মামলার নথিপত্রে দেখা যায়, হাইকোর্টের রায়ের চার বছর পর লন্ডন থেকে ফিরে ইয়াছিন রহমান ওরফে টিটু আত্মসমর্পণ করে আপিল করেন। আপিল খারিজ করে দিয়ে হত্যা পরিকল্পনার দায়ে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। আত্মসমর্পণের দিন থেকে তাঁর এ সাজা গণনা শুরু হবে। এম কে রহমান জানান, জিবরানের বাবা টি এ খানের সঙ্গে তাঁর কথা হয়েছে। টি এ খান এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, তিনি ছেলে হত্যার ন্যায়বিচার পেয়েছেন।তবে আপিলকারীর আইনজীবী আনিসুল হক প্রথম আলোকে বলেন, আদালত আপিল খারিজ করে রায় দিয়েছেন। রায়ের অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে রায় পুনর্বিবেচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।১৯৯৯ সালের ৯ জুন চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনে খুন হন বেসরকারি একটি শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা জিবরান। ওই ঘটনায় পরদিন ডবলমুরিং থানায় জিবরানের এক সহকর্মী মামলা করেন। জিবরানের বাবা টি এ খান পশ্চিমবঙ্গ পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তা ছিলেন। চাকরি সূত্রে ওই সময় জিবরান তাঁর স্ত্রী তিতলী নন্দিনীকে নিয়ে চট্টগ্রামে অবস্থান করছিলেন। আসামি টিটু কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের ছেলে।