ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদকে গতকাল আটক করেছে পুলিশ। বনানীতে বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধরের অভিযোগে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিলেন ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আনোয়ারা বেগম। গত বছরের এপ্রিলে উপাচার্যের মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপাচার্যের দায়িত্ব পালন করছেন আবুল হোসেন শিকদার। তবে আনোয়ারা বেগমের দাবি, এখনো তিনি ওই পদের দাবিদার।গুলশান থানার পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কবির হোসেন তালুকদার গতকাল সকালে এ বিষয়ে আনোয়ারা বেগমের সঙ্গে কথা বলতে সাবেক রাষ্ট্রপতির বাসায় যান। সেখানে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ইমতিয়াজ আহম্মেদ কবির হোসেনকে মারধর করেন। পরে গতকাল দুপুরে আনোয়ারা বেগম ও ইমতিয়াজ আহম্মেদসহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের বনানী শাখায় গেলে কিছু ছাত্র ইমতিয়াজকে ধাওয়া দেন। ইমতিয়াজ বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় নেন। এ সময় তিনি পায়ে আঘাত পান। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় পুলিশ প্রতিষ্ঠানটির উপ-রেজিস্ট্রার জুনায়েদ আহমেদ ও ট্রাস্টি সিরাজুল হককেও আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।