ইয়ানুরকেও বাঁচানো গেল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস উল্টে যাওয়ার ঘটনায় আরও এক শিক্ষার্থী গতকাল বুধবার সকালে মারা গেছে। ৩২ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকাল পৌনে আটটার দিকে তার মৃত্যু হয়।
ছেলেটির নাম ইয়ানুর হোসেন। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। সে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের ঈমান আলীর ছেলে। ওই ঘটনায় এ পর্যন্ত নয় শিশুর মৃত্যু হলো। এর মধ্যে ঘটনাস্থলেই সাতজন, ঘটনার ১২ দিন পর ইকরামুল হোসেন ও ৩২ দিনের মাথায় মারা গেল ইয়ানুর হোসেন। এর মধ্যে শুধু ছোট আঁচড়া গ্রামেরই ছয়জন।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস গত ১৫ ফেব্রুয়ারি চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত শিক্ষার্থী নিহত হয়। ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে ১৫ জনকে যশোর সিএমএইচে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়। সবশেষে ঢাকা সিএমএইচে দুই শিশু চিকিৎসাধীন ছিল, তারাও চিরবিদায় নিল।
যশোর সেনানিবাসের সহকারী পরিচালক মেডিকেল সার্ভিসেস (এডিএমএস) কর্নেল আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার সময় ইয়ানুরের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এ ছাড়া পানিতে ডুবে যাওয়ার কারণে তার ফুসফুসে পানি জমে যায়। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। যদিও এর মাঝে একবার তার জ্ঞান ফেরে। গুরুতর অবস্থার কারণে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ কারণে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকা সিএমইএচে পাঠানো হয়।