ইয়াফেস ওসমান আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। সরকারের উচ্চপর্যায়ের সূত্রে এ কথা জানা গেছে। ইয়াফেস ওসমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে এরই মধ্যে তাঁকে বিষয়টি জানানো হয়েছে। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত এ ব্যাপারে সরকারি কোনো আদেশ হয়নি। জানতে চাইলে ইয়াফেস ওসমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে বলে শুনেছি।’ মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, কাউকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ব্যাপারে তারা কোনো নির্দেশ পায়নি। তবে আজ-কালের মধ্যেই সরকারি আদেশ হতে পারে। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা সরকার গঠন করে সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগমন্ত্রী এবং ইয়াফেস ওসমানকে বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। অব্যাহত সমালোচনা ও বিশ্বব্যাংকের শর্তের মুখে গত সোমবার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন আবুল হোসেন।