ইয়াবা আটক নিয়ে নাটক!
কক্সবাজারের টেকনাফে একটি অটোরিকশা, পাঁচ হাজার ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়েছে। কিন্তু ইয়াবার পরিমাণ নিয়ে পুলিশের কর্মকর্তারা বিভ্রান্তি সৃষ্টি করছেন।নর্ভরযোগ্য সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় পৌর এলাকার নাইট্যংপাড়ায় কক্সবাজারগামী একটি অটোরিকশায় (কক্সবাজার থ-১১-১৭১৪) তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ উপজেলার সাবরাং ইউনিয়নের চাণ্ডলীপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আমিনকে (৩৪) আটকের তথ্য পাওয়া যায়। কিন্তু থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার আহমদকে সন্ধ্যা ছয়টায় জিজ্ঞাসা করা হলে বলেন, ‘এ বিষয়ে কিছুই জানি না।’অভিযানকারী উপপরিদর্শক জাফর আলমকে ইয়াবা আটকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইয়াবার পরিমাণ পরে জানানো হবে। চার ঘণ্টা পর সন্ধ্যা সাতটার দিকে বলেন, আটক করা ইয়াবা বড়ির পরিমাণ দুই হাজার। আরও তিন হাজার ইয়াবা গেল কই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি আমার বন্ধু মানুষ, আমার ধর্মের ভাই! আপনার সঙ্গে আমি পরে দেখা করব।’ পুলিশ হেফাজতে থাকা অটোরিকশার চালক নুরুল আমিন বলেন, ‘পাঁচ হাজার ইয়াবা বড়ি ১০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজারে পৌঁছে দিতে চুক্তি হয়েছিল। পথে পুলিশের হাতে ধরা পড়ি। কিন্তু ইয়াবা বড়ি উদ্ধার করে মালিককে ছেড়ে দিয়ে আমাকে অটোরিকশাসহ থানায় নিয়ে আসে বেলা তিনটায়। কেউ জিজ্ঞাসা করলে ওই পুলিশ কর্মকর্তা এক হাজার ইয়াবা বড়িসহ আটকের কথা বলার জন্য শিখিয়ে দেন।’