ইয়াবা উদ্ধারের মামলায় ১০ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাছ ধরার একটি নৌকা থেকে দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন।
আসামির নাম রফিক আজাদ। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ৩০ জুন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাছ ধরার নৌকা থেকে দেড় লাখ ইয়াবাসহ আসামি রফিক আজাদকে আটক করে কোস্টগার্ড। এ ঘটনায় কোস্টগার্ড কর্মকর্তা এম শাহজাহান বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।