বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক গতকাল বৃহস্পতিবার সকালে মিয়ানমারের মংডু শহরে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইয়াবা ও মানব পাচার বন্ধে দুই দেশ যৌথ অভিযান পরিচালনায় সম্মত হয়েছে।
সকাল ১০টায় শুরু হওয়া ওই বৈঠক শেষ হয় বেলা একটায়। বৈঠকে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম। সঙ্গে ছিলেন বিজিবি সদর দপ্তরের স্টাফ অফিসার কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী, বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান, বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল ওয়ালি উর রহমান প্রমুখ। ১৮ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের বর্ডার গার্ড পুলিশের ১ নম্বর সেক্টরের পরিচালক ইউ থোন থোন।
গতকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ প্রতিনিধিদল টেকনাফ স্থলবন্দরে ফিরে এসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বৈঠক সম্পর্কে অবগত করেন বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম।
হাবিবুল করিম বলেন, ইয়াবার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করতে সম্মত হয়েছে মিয়ানমার পুলিশ। মানব পাচার প্রতিরোধেও তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।