ইয়াবা ও মানব পাচারে পুলিশের সংশ্লিষ্টতা তদন্তে দুই কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি ও মানব পাচারে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি করেছে পুলিশ। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যক্তিগত গাড়িতে করে প্রায় সাত লাখ ইয়াবা বড়ি বহনকালে গত শনিবার মধ্যরাতে ফেনীতে র্যাবের হাতে গ্রেপ্তার হন পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাফুজুর রহমান। তিনি ওই ইয়াবার চালানের সঙ্গে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়েও তথ্য দিয়েছেন বলে র্যাব জানিয়েছে।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল হককে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া মানব পাচার, মাদক এবং অন্যান্য চাঞ্চল্যকর ঘটনা তদন্ত ও করণীয় নির্ধারণে এসবির অতিরিক্ত ডিআইজি তৌফিক মাহবুব চৌধুরীকে প্রধান করে অপর একটি কমিটি গঠন করা হয়েছে।