ইয়াবা ও মানবপাচার: পুলিশের দুই তদন্ত কমিটি
ইয়াবা ও মানবপাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুটি আলাদা তদন্ত কমিটি করেছে পুলিশ। এ ছাড়া ইয়াবা পাচারে জড়িত অভিযোগে গ্রেপ্তার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল ইসলাম।
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ইয়াবা পাচার রোধে সিআইডির ডিআইজি সাইফুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (পিআইও) কাজী জিয়া উদ্দিন, ডিসিপ্লিন ও প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখার সিনিয়র এএসপি আব্দুস সালাম এবং ফেনী জেলার এএসপি (সদর দপ্তর)। কমিটিকে সাময়িক বরখাস্তকৃত এএসআই মাহফুজুর রহমানসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ছাড়া মানবপাচার, মাদক ও অন্যান্য চাঞ্চল্যকর ঘটনা তদন্ত এবং করণীয় নির্ধারণে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি তৌফিক মাহবুব চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের আরেকটি একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল হায়দার এবং পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন ও প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান।
পুলিশ সদস্যের পেশাগত মান ঠিক থাকছে কি না বা অন্য কোনো অপরাধে তারা জড়িয়ে পড়ছে কি না, এ বিষয়ে এই কমিটি সার্বিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।