ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণে টেকনাফে নতুন চৌকি
মিয়ানমার থেকে চোরাইপথে আসা ইয়াবা চোরাচালান নিয়ন্ত্রণে টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন চারটি চৌকি (বিওপি) নির্মাণ করছে।
এর মধ্যে গত রোববার একটি বিওপি (বর্ডার আউটপোস্ট) চালু করা হয়েছে। সেখানে এক প্লাটুন (৩০ জন) বিজিবির সদস্য মোতায়েম করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে টেকনাফের নাজিরপাড়া ও মৌলভীপাড়াতেই বেশি ইয়াবার চালান আসে। গত পাঁচ মাসে শুধু নাজিরপাড়া ও মৌলভীপাড়া সীমান্ত দিয়ে পাচারের সময় বিজিবির সদস্যরা ১৭ কোটি টাকা দামের সাড়ে তিন লাখ পিস ইয়াবা বড়িসহ ১১ পাচারকারীকে আটক করেছেন। তাই এখানে নতুন একটি চৌকি চালু করা হয়েছে। আগামীতে উপজেলার বরইতলি, খারাংখালী ও লেঙ্গুরবিল গ্রামে আরও তিনটি বিওপি স্থাপন করা হবে। বতর্মানে এই ব্যাটালিয়নের আওতায় ১০টি বিওপি চালু রয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ১৯ এপ্রিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবির মহাপরিচালক নাফ নদীর টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নতুন চারটি বিওপি স্থাপনের আশ্বাস দেন।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের প্রায় ১৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৫৪ কিলোমিটার পড়েছে টেকনাফে। মিয়ানমার থেকে নাফ নদীর টেকনাফ অংশে নাজিরপাড়া, মৌলভীপাড়া, নাইট্যংপাড়া, বরইতলি, লেঙ্গুরবিল, চৌধুরীপাড়া, নয়াপাড়া, জালিয়াপাড়া, লেদা, জাদিমুরা, খারাংখালীসহ ৪১টি চোরাচালান পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট দিয়ে প্রতি মাসে অন্তত ১০০ কোটি টাকার ইয়াবা পাচার হয়।