ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন পুলিশ সদস্য!
যশোর সদর উপজেলার বারীনগর বাজারে এক ব্যবসায়ীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার সময় পুলিশের এক সদস্যকে হাতেনাতে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে অন্য পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যায়।
ওই পুলিশ সদস্য হলেন কোতোয়ালি থানার কনস্টেবল সিরাজুল ইসলাম। এ ঘটনায় তাঁকেসহ দুজনকে আসামি করে আজ রোববার কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় কনস্টেবল সিরাজুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে বারীনগর বাজারে হৈবতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে দাঁড়িয়ে ছিলেন পিকুল হোসেন নামের এক ব্যবসায়ী। সাদাপোশাকে থাকা কনস্টেবল সিরাজুল কথা আছে বলে তাঁর কাছে গিয়ে পলিথিনের একটি প্যাকেট তাঁর পকেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। ‘পকেটে কী দিচ্ছেন’ বলে পিকুল চিৎকার দেন। তখন আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং তাঁরা সিরাজুলের হাতে পলিথিনের মধ্যে ইয়াবা বড়ি দেখতে পান। উত্তেজিত জনতা ওই কনস্টেবলকে ধরে কিলঘুষি দেন। একপর্যায়ে হৈবতপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কনস্টেবল সিরাজুলকে উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, ‘ওই কনস্টেবল নেশাগ্রস্ত ছিলেন। জনতার হাতে আটক হলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁকে উদ্ধারের পর যশোর জেনারেল হাসপাতাল থেকে ওয়াশ করানো হয়। তার পেটে নেশাদ্রব্য পাওয়ার কারণে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার আরেক আসামি হলেন ব্যবসায়ী পিকুল।’
ওসি দাবি করেন, পিকুলের কাছ থেকে মাদক নিয়ে ওই কনস্টেবল সেবন করেন। এ জন্য পিকুলকেও আসামি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে হৈবতপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ যে কথা বলে মামলা সাজিয়ে পিকুলকে আসামি করেছে, তা সত্য নয়। মূলত পিকুলকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ওই কনস্টেবল ফেঁসে গেছেন। এখানে পিকুল নির্দোষ।’