ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের
চট্টগ্রামে এক ব্যক্তিকে আটকের চার দিন পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে নগর গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। তাঁর নাম আবছার উদ্দিন। এই ঘটনায় গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে লিখিত অভিযোগ দেওয়া হয়। আদালত আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দিতে নগর পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আদালতে দেওয়া অভিযোগে বলা হয়েছে, নগরের হালিশহর থানার একটি প্রতারণা মামলায় নগর গোয়েন্দা পুলিশের এসআই আবছার উদ্দিন ২ জুলাই ঢাকার রামপুরার বাসা থেকে রানা আহমেদকে গ্রেপ্তারে করেন। পরে তাঁকে নগরের লালদীঘি এলাকায় ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রানাকে মারধর না করার জন্য তাঁর ভাইয়ের কাছ থেকে এস এ পরিবহনের মাধ্যমে ৫ জুলাই এক লাখ টাকা নেন আবছার। ওই দিন সন্ধ্যায় নগরের পাহাড়তলী এ কে খান মোড় নিয়ে যাওয়া হয় রানাকে। সেখানে তাঁর কাছ থেকে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনা দেখিয়ে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আবছার উদ্দিন। পরদিন রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রানার আইনজীবী কাজী সানোয়ার আহমেদ বলেন, রানাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় এবং কোতোয়ালি থানাহাজতে রাখার ভিডিও চিত্র রয়েছে। চার দিন পর পুলিশের কাছে থাকা ইয়াবা দিয়ে তাঁর বিরুদ্ধে ভুয়া মামলা করে আদালতে চালান দেওয়া হয়। এসব বিষয় তুলে ধরা হলে আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে প্রতিবেদন দিতে বলেছেন।
জানতে চাইলে অভিযুক্ত নগর গোয়েন্দা পুলিশের এসআই আবছার উদ্দিন গতকাল বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি ধামাচাপা দিতে আসামিপক্ষ ঘটনা সাজিয়েছে। ঢাকা থেকে কাউকে আটক করা হয়নি।