ইয়াবা দিয়ে হয়রানির চেষ্টা করলেই ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী গতকাল সদরপুর উপজেলা চত্বরে বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বক্তব্য দেন l প্রথম আলো
ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী গতকাল সদরপুর উপজেলা চত্বরে বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বক্তব্য দেন l প্রথম আলো

পুলিশ যদি কোনো জনপ্রতিনিধি, সাংবাদিক কিংবা নিরীহ মানুষের পকেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, অর্থবাণিজ্য করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপর এজাতীয় হয়রানির একটি ঘটনা সদরপুরে ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তিনি নিজে আন্দোলন করবেন।

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র দলীয় সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী এই হুঁশিয়ারি দেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলা চত্বরে সহস্রাধিক বিক্ষুব্ধ জনতার উদ্দেশে বক্তব্য দেন।

সাংসদ আরও বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু ও সেবক। কিন্তু পুলিশ যদি রক্ষক হয়ে ভক্ষক হয়ে ওঠে, তাহলে সেই পুলিশ আমাদের দরকার নেই। কোনো পুলিশ কর্মকর্তা কিংবা সদস্য কাউকে হয়রানি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

কিছু কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইয়াবা বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এমন মন্তব্য করে সাংসদ বলেন, ‘আইনের সেবক হয়ে জনগণকে হয়রানি করা যাবে না। পুলিশ প্রশাসন যদি জনপ্রতিনিধিদের ন্যায্য সুপারিশগুলো না শোনে, তাহলে সদরপুরবাসী আগামী সময়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। প্রয়োজনে থানা ঘেরাও করা হবে।’

এর আগে বেলা সাড়ে ১০টায় দরবার হলে সদরপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন সাংসদ। সভায় বক্তব্য দেন তিনি। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইয়াবা দিয়ে মানুষকে হয়রানি করা ও পুলিশের বাণিজ্য করার আর একটি ঘটনা এখানে ঘটলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। তিনি সভায় আনা অভিযোগগুলো রেজুলেশন করে পুলিশের সিকিউরিটি সেলে তদন্তের জন্য পাঠানোর দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙা সার্কেল) রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন, সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সারোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা প্রমুখ।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান বলেন, ‘আজ শুধু মিটিং হয়েছে। আমরা এখনো রেজুলেশন প্রস্তুত করিনি। অনেকেই তাঁর মতো করে অনেক কথা বলেছেন। সুপারিশ করেছেন। সাংসদও আলাপের মধ্যে অনেক কথাই বলেছেন।’

পুলিশের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘আমরা মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা করছি। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছি। ভেবেছিলাম সাংসদ আমাদের বাহবা দেবেন, পুরস্কৃত করবেন, কিন্তু বিনিময়ে আমরা পেলাম তিরস্কার।’