ইয়াবা ধ্বংসের সময় চুল্লিতে বিস্ফোরণ, বিজিবির ৭ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় ইয়াবা ধ্বংসের সময় আজ রোববার বেলা সোয়া একটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাত সদস্য গুরুতর আহত হয়েছেন। শরীরে আগুন ধরে যাওয়ায় কয়েকজনের পা, মুখ ও হাত পুড়ে গেছে।
এই সাতজন হলেন হাবিব উল্লাহ, ফাইজুল কবির, বেলায়েত হোসেন, আবদুল হালিম, আশরাফুল ইসলাম, মিলন কান্তি ধর ও জাহেদ হোসেন। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি জানায়, গত তিন মাসে টেকনাফ, উখিয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ছয় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে মজুত করা হয়। কক্সবাজারে বিজিবির সেক্টর মাঠে এগুলো আগুনে ধ্বংস করার জন্য রাখা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান ও বিজিবির মহাপরিচালক মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আজ উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া একটার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিজিবি কর্মকর্তারা একাধিক বিদেশি মদের বোতল ভাঙেন এবং ইয়াবা পোড়ানোর জন্য দুটি চুল্লির সামনে দাঁড়ান। চুল্লিতে প্রথমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ হাতে কিছু ইয়াবা ঢেলে দেন। এরপর দেন বিজিবির মহাপরিচালক। দুজন বিজিবি সদস্য দুটি পাত্রে রাখা পাঁচ কোটি ১৩ লাখ টাকা দামের এক লাখ ৭২ হাজারটি ইয়াবা চুল্লিতে দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে একটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সাত বিজিবি সদস্যের গায়ে আগুন ধরে যায়। বিজিবির অন্য সদস্যরা বালু ও পানি ঢেলে দ্রুত আগুন নিভিয়ে তাঁদের হাসপাতালে পাঠান।
বিকট শব্দে দুই দফা বিস্ফোরণ ঘটলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ অন্য কর্মকর্তারা দৌড়ে রক্ষা পান। বেলা দেড়টার দিকে উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘সবই তো আপনারা দেখলেন। এটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।’
এ ব্যাপারে বিজিবির মহাপরিচালক আজিজ আহমদ বলেন, চুল্লিতে কেরোসিন ঢালার সময় উল্টো দিক থেকে হঠাত্ বাতাস ঝাপটে ধরলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) সুলতান আহমদ সিরাজী বলেন, আগুনে পুড়ে আহত সাত বিজিবি সদস্য হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। তাঁরা আশঙ্কামুক্ত।