ইয়াবা পাচার, তিন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা পাচার ও ইয়াবা ​দিয়ে একজন ব্যবসায়ীকে ফাঁসানোর ঘটনায় পুলিশের তিনজন সদস্যের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ওই তিনজন হলেন: উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, এসআই জুয়েল সরকার ও শেখ সজীব। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল আজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে শিক্ষানবিশ এসআই হিসেবে কর্মরত থাকার সময় চার থেকে পাঁচ মাস আগে ওই তিনজনের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগ উঠে। পরে বিষয়টি তদন্ত শুরু করা হয়। তদন্তে তিনজনের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাঁদের প্রথমে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে। জবাব দেওয়ার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে ব্যবস্থা নেওয়া হবে।
শাহাদাত হোসেন বর্তমানে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে, জুয়েল সরকার ও শেখ সজীব ঢাকা সিআইডিতে কর্মরত আছেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমানও বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তে সত্যতা পাওয়ায় ঢাকা সিআইডিতে কর্মরত দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ মঙ্গলবার নগর পুলিশ কমিশনার চিঠি দিয়েছেন। আর চট্টগ্রামে থাকা এসআই শাহাদাত হোসেনের বিরুদ্ধে কমিশনার নিজেই ব্যবস্থা নেবেন।