গত ৮ জুন মিয়ানমারের আরাকান রাজ্যে জাতিগত দাঙ্গা শুরু হয়। এর পর থেকে গত বুধবার পর্যন্ত কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ইয়াবার কোনো চালান আসেনি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড বা পুলিশের হাতে ইয়াবা ধরাও পড়েনি। এতে প্রমাণিত হয় ইয়াবা পাচারের সঙ্গে রোহিঙ্গারা জড়িত। উখিয়ার কুতুপালং বাজারে গত বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উখিয়া বঙ্গমাতা ফতিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এ সময় উপস্থিত শত শত মানুষ তাঁর কথার সমর্থন করেন।কক্সবাজার নাগরিক কমিটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, কয়েক বছর ধরে মিয়ানমারের তৈরি ইয়াবার চালান টেকনাফ, উখিয়া সীমান্ত দিয়ে পাচার হয়ে কক্সবাজার, চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। এতে দেশের যুবসমাজ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই কয়েকটা দিন টেকনাফে ইয়াবার কোনো চালান ধরা পড়েনি। কারণ, আরাকান রাজ্যে দাঙ্গা এবং কারফিউ জারির কারণে ব্যবসা বন্ধ রয়েছে।টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া জানান, টেকনাফ সীমান্ত দিয়ে প্রতি মাসে অন্তত শত কোটি টাকার ইয়াবা পাচার হয়। কিন্তু বিজিবি, কোস্টগার্ড ও পুলিশি তৎপরতার কারণে ইয়াবা পাচার এখন মোটামুটি বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গায় সেখানকার ইয়াবা তৈরির কারখানাগুলো বন্ধ রয়েছে। ফলে গত ৮-১০ দিনে বিজিবি সদস্যদের হাতে কোনো ইয়াবা ধরা পড়েনি। আবার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ির কারণেও পাচারকারীরা বেকায়দায় পড়েছে।