দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এইচ সালাহ উদ্দীন বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধ করতে হলে টেকনাফ সীমান্তে ইয়াবার চোরাচালান যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে। ইয়াবার কবল থেকে প্রাণে রক্ষা পাবে দেশের তরুণ ও যুবসমাজ।
গতকাল শনিবার সকাল ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে সীমান্তের ইয়াবা চোরাচালান এবং ইয়াবা বিক্রির টাকার অবৈধ লেনদেন, সমুদ্রপথে টাকার বিনিময়ে মানবপাচারসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেব প্রসাদ দেবনাথ, টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দীন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিক মিয়া, টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।