মিয়ানমারের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে বৈঠকের পর দেশে ইয়াবা পাচার বন্ধ হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কর্মকর্তারা। দুই দেশের মাদক নিয়ন্ত্রণ সংস্থার দুই দিনের বৈঠকের মূল আলোচ্যই ছিল মিয়ানমারে ইয়াবার উৎপাদন ও সেখান থেকে বাংলাদেশে তা পাচার বন্ধ করা।
ঢাকায় গত মঙ্গল ও গতকাল বুধবার এ বৈঠক হয়। এর আগে ২০১১ সালেও এ রকম বৈঠক হয়েছিল। সেবারও আশাবাদ জানিয়েছিলেন বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে লাভ হয়নি কিছুই।
বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁওয়ের সদর দপ্তরে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক বজলুর রহমান বলেন, বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে ইয়াবা বড়ি পাচার বন্ধ। বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে তিনটি তালিকা দেওয়া হয়েছে। এর একটি তালিকায় ওই দেশের কিছু মাদক পাচারকারীর পরিচয়, দ্বিতীয় তালিকাটিতে মিয়ানমারের ভেতরে কিছু ইয়াবা কারখানার ঠিকানা ও তৃতীয় তালিকাটিতে বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দী মিয়ানমারের নাগরিকদের পরিচয় রয়েছে। সে দেশের কর্মকর্তাদের বলা হয়েছে, ওই তালিকা যাচাই করে পদক্ষেপ নেওয়ার জন্য। তাঁরা ওই পাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৪ সালে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ চুক্তি স্বাক্ষরিত হয়। তবে এরপর দুই দেশের মধ্যে যোগাযোগ কমে আসায় চুক্তিটির কোনো সুফল আসেনি। ওই চুক্তির আলোকে ২০১১ সালের নভেম্বরে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রতিনিধিদল মিয়ানমার যায় আলোচনা করতে। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।
ওই আলোচনার ব্যর্থতার কারণ সম্পর্কে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তাঁদের সঙ্গে এখন পর্যন্ত মাত্র দুবার বৈঠক হয়েছে। যত বেশি আলোচনা করা সম্ভব হবে, দুই দেশের কর্মকর্তাদের মধ্যে তত বেশি দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হবে। সম্পর্ক ভালো হলে ইয়াবা পাচার বন্ধ হবে বলে তিনি আশাবাদী।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ পুলিশ, র্যা ব, বিজিবিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি মিয়ানমারের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে, মিয়ানমারের কিছু প্রভাবশালী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও ইয়াবা উৎপাদনের সঙ্গে জড়িত। বাংলাদেশের বাজারকে ‘টার্গেট’ করে সীমান্ত এলাকায় অনেক গোপন কারখানা গড়ে উঠেছে। এ রকম ৪৫টি কারখানার ঠিকানা তাঁদের দেওয়া হয়েছে। বাংলাদেশের গোয়েন্দারা এসব তথ্য সংগ্রহ করেছেন বলে তাঁদের জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের ভেতরের মাদক ব্যবসায়ীদের তালিকা থাকার পরেও কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমি একেবারে বিবর্ণ ছবি দেখাতে চাই না। তবে সরকারের বিভিন্ন দপ্তরে মাদক ব্যবসায়ীদের তালিকা জমা দেওয়া হয়েছে। কাজ চলছে।’ তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির সুযোগ না দিলে তা থেকে কিছু আশা করা যায় না। আমি সবাইকে বলেছি, এর দিকে তাকাতে হবে।’