ইয়াবা পাচার রোধে সম্মত মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ডাকবাংলোতে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, ক্যাপ্টেন আজাহারুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফের উপপরিদর্শক (এসআই) তপন কান্তি শর্মা। আর মিয়ানমারের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব ছিলেন ২ নম্বর পুলিশের পরিচালক লে. কর্নেল ছ পে জা।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুটি স্পিডবোটে করে মিয়ানমার প্রতিনিধিদলটি লে. কর্নেল ছ পে জার নেতৃত্বে টেকনাফ স্থলবন্দর অভিবাসন কেন্দ্র জেটিতে এসে পৌঁছায়। এরপর ওই বৈঠকটি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে একই জেটি দিয়ে তাঁরা মিয়ানমারের উদ্দেশে টেকনাফ ত্যাগ করেন।
সভায় মিয়ানমারের পক্ষে ২ নম্বর পুলিশের পরিচালক লে. কর্নেল ছ পে জা দাবি করেন, মিয়ানমারের ভেতরে ইয়াবার কোনো কারখানা নেই। তাঁরাও সে দেশে অভিযান চালিয়ে বড় বড় ইয়াবার চালানসহ লোকজনকে আটক করছেন। এমন ইয়াবার বিষয়ে উভয় দেশের মধ্যে তথ্য আদান-প্রদান করার পাশাপাশি নদী ও সমুদ্রপথে ইয়াবার চালান বন্ধ করতে যৌথ অভিযান চালাতে তারা সম্মত। তিনি বলেন, মিয়ানমারের কিছু সন্ত্রাসী বাংলাদেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, এ বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ইয়াবা, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় যৌথ অভিযানে সম্মত হয়েছে বিজিপি। তারই সূত্র ধরে চলতি মাসের শেষ সপ্তাহে উভয় দেশের ইয়াবার বিরুদ্ধে অভিযান চালানো হবে।
তিনি বলেন, মিয়ানমারের কিছু সন্ত্রাসী বাংলাদেশে অবস্থান করছে—এমন সঠিক তথ্য দিতে পারলে তাদের আটক করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। আগামী মাসে মিয়ানমারে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।